রাজধানীর শাহবাগ এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে আজিজ সুপার মার্কেট-সংলগ্ন একটি ১৪ তলা ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফারাহ ফোরদৌস দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। গত কয়েক দিন ধরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় এবং কোনো ধরনের যোগাযোগ সম্ভব না হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একাধিকবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে শুক্রবার বিকেলে তারা ঢাকায় এসে তার বাসায় যান।
ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের সদস্যরা ফারাহ ফোরদৌসকে ঘরের ভেতরে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।নিহত ফারাহ ফোরদৌস খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি ৩৯তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।
চিকিৎসা পেশায় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে রেসিডেন্ট হিসেবে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
স্বজনদের ভাষ্য, কয়েক দিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তারা ঢাকায় এসে খোঁজ নিতে গিয়ে এ ঘটনার বিষয়ে জানতে পারেন।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।